নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০

জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ: এসএমপি কমিশনার

সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সিলেট মহানগর সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইসকন সিলেট মন্দিরের নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেন, “সুষ্ঠুভাবে জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে—এই প্রচেষ্টা আমাদের থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি বলেন, “ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। শোভাযাত্রার সময় ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।”

মতবিনিময় সভায় আয়োজকেরা জানান, শুক্রবার সকালে মির্জাজাঙ্গালে থেকে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রা শুরু হবে। এরআগে সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হবে।

সভায় জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি, শোভাযাত্রার রুট, নিরাপত্তা ও যানবাহন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত