০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১২
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছৈন, সিলেটের প্রতিটি প্রাচীন ভবন আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নীরব সাক্ষী। উন্নয়নের নামে এসব স্থাপনা হারিয়ে গেলে সিলেটের নিজস্ব পরিচয়ই ম্লান হয়ে যাবে। তাই শতবর্ষী ও ঐতিহাসিক ভবনগুলোকে চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিউক-এর সভাকক্ষে আয়োজিত চার দিনব্যাপী অংশীজন সভার দ্বিতীয় দিনে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), সিলেট-এর প্রতিনিধিদের সঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় ইন্সটিটিউট অব আর্কিটেক্টস এর সদস্যবৃন্দ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। বিশেষত বিল্ডিং কোড প্রতিপালন, সিলেট এর জন্য যুগোপযোগী বিধিমালা প্রণয়ন, পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা প্রণয়ন, ভূমিকম্প সহনশীলতা বিষয়ে বিশেষ দৃষ্টি, পর্যটন অঞ্চলের সুষ্ঠু পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। সিলেটের ঐতিহ্যবাহী ১টি ভবন “মিনিস্টার বাড়ি” সাম্প্রতিক সময়ে ভেংগে ফেলার বিষয়ে বক্তারা সিউক চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় সভাপতি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে শতবর্ষী ও ঐতিহাসিক ভবনের ১টি তালিকা প্রণয়ন করা হবে এবং তা সিউকের মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিক নগরায়ণ পরস্পরবিরোধী নয়; বরং সুপরিকল্পিতভাবে দুটিকে একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। ভবিষ্যতে নকশা অনুমোদনের ক্ষেত্রে ঐতিহাসিক স্থাপনার আশপাশের এলাকায় বিশেষ বিবেচনা রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত স্থপতিগণ হেরিটেজ ভবনের মালিকদের প্রণোদনা প্রদান ও ঐতিহ্যভিত্তিক পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও মতামত উঠে আসে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিউকের সদস্য (প্রকৌশল) মোঃ ইলিয়াস আহমেদ, আইএবি ঢাকার কোষাধ্যক্ষ স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, আইএবি সিলেটের সম্পাদক স্থপতি রাজন দাস, সিউকের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু নাছেরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও নগর পরিকল্পনাবিদগণ।
সিউক কর্তৃপক্ষ জানায়, অংশীজনদের প্রদত্ত সুপারিশসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
আপনার মন্তব্য