১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫২
সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের উদ্দেশ্যে এদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্নের এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার এক বিজ্ঞপ্তিতে জানান, কারিগরি মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই সাময়িক মেরামত কাজ পরিচালনা করা হবে। উল্লেখ্য, এর আগে শনিবারও নগরীর বেশ কিছু এলাকায় একই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর তালিকায় রয়েছে- পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া ও তপোবন আবাসিক এলাকা। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বিজিবি সংলগ্ন এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড, বিসিক শিল্প এলাকা, টুকেরবাজার ও লামাকাজীতেও বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতালসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে যদি মেরামত কাজ সম্পন্ন হয়ে যায়, তবে দ্রুততম সময়ের মধ্যেই পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আপনার মন্তব্য