হবিগঞ্জ প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১০

ইয়াবাসহ আটক আসামি হাজত থেকে পলায়ন, রাতে ফের আটক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২১ পিস ইয়াবাসহ আটকের পর আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান কায়েস মিয়া (২৮) নামের এক আসামি। তবে পলায়নের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ পলায়নের ঘটনা ঘটে। আটককৃত কায়েস মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আকিবুর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ কায়েসকে আটক করে আজমিরীগঞ্জ থানা-পুলিশ। পরদিন শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পাল তাকে আদালতের হাজতখানায় রেখে আসার পর কৌশলে সেখান থেকে চম্পট দেন কায়েস।

আসামি পলায়নের খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে ঝটিকা অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পর শুক্রবার রাতেই উপজেলার শিবপাশা ইউনিয়ন এলাকা থেকে কায়েসকে পুনরায় আটক করা সম্ভব হয়।

পলায়নের বিষয়ে জানতে কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পালের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, ইয়াবাসহ আটক কায়েসকে বিকেলে আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশি অভিযানে রাতেই তাকে শিবপাশা থেকে পুনরায় আটক করা হয়।

জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আফছর উদ্দিন আহমদ জানান, কোর্ট হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, তবে দ্রুত সময়ের মধ্যে তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত