নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২১

সিলেট আসছেন রাষ্ট্রপতি: পথে-পথে বিএনপি নেতাকর্মীরা জানাবে স্বাগত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন।

রাষ্ট্রপতির হওয়ার পর বিএনপির এই সাবেক মহাসচিবকে সিলেট মহানগরের সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাগত জানাবে দলটি।

এ লক্ষ্যে ইতোমধ্যেই দলীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-এর নির্দেশনায় নগরীর নির্ধারিত ৭টি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

পয়েন্টগুলো হলো চৌকিদেখী, আম্বরখানা, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় এবং শাহপরান পয়েন্ট।

নগরের চৌকিদেখী পয়েন্টে স্বাগত কর্মসূচির নেতৃত্ব দেবেন সাদিকুর রহমান সাদিক, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী ও হুমায়ুন কবির শাহীন।

আম্বরখানা পয়েন্টে দায়িত্বে রয়েছেন জিয়াউল হক জিয়া, আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মঞ্জু ও সৈয়দ সাফেক মাহবুব।

দরগাহ গেইট পয়েন্টে নেতৃত্ব দেবে যুবদল নেতৃবৃন্দ।

চৌহাট্টা পয়েন্টে থাকবেন মাহবুব কাদির শাহী, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ।

জিন্দাবাজার পয়েন্টে নেতৃত্বে থাকবেন আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব ও আক্তার রশিদ চৌধুরী।

টিলাগড় পয়েন্টে নেতৃত্বে থাকবেন সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ।

শাহপরান পয়েন্টে নেতৃত্বে থাকবেন আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু।

সিলেট সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জেয়ারত করবেন। এরপর তিনি সিলেট সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখার কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টায় তাঁকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

পরে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসেই অবস্থান করবেন তিনি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা ও ফোর্স মোতায়েন থাকবে। সফরের দিন এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর বাইরে নিরাপত্তার অংশ হিসেবে কাজ করবে পুলিশের বিশেষ ইউনিটগুলো।

আপনার মন্তব্য

আলোচিত