নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৭

সিলেটে মধ্যাহ্নভোজে সাতকরা দিয়ে খাসির মাংসসহ আরও যা খেলেন রাষ্ট্রপতি

একদিনের সফর শেষে ঢাকা ফিরে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে তিনি সিলেট আসেন ও রাতে ফির যান। এরআগে দুপুরে সিলেট সার্কিট হাউসে সস্ত্রীক মধ্যাহ্নভোজে অংশ নেন।

দুপুরের খাবারে স্থানীয় বিভিন্ন খাবার পরিবেশন করা হয় রাষ্ট্রপতিকে। তাঁর খাবারের তালিকায় ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে খাসির মাংস। সঙ্গে ছিল মাছ, মাংস, সবজি ও ভর্তার আরও ছয় পদ।

মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতির জন্য এই খাবারের আয়োজন করা হয়। সাত পদের তালিকায় সাতকরা দিয়ে খাসির মাংস ছাড়াও ছিল পাবদা মাছের তরকারি, কাতলা মাছের তরকারি, চিংড়ি ছাড়া লাউয়ের তরকারি, মুরগির তরকারি, আলু ভর্তা ও টাকি মাছের ভর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেজা ই রাব্বি।

রাষ্ট্রপতির দুপুরের খাবারে স্থানীয় সাতকরা যেমন ছিল, তেমনি ছিল সিলেটের ঘরোয়া রান্নার পরিচিত কয়েকটি পদ, মাছের তরকারি, সবজি ও ভর্তা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মঙ্গলবার মতো সিলেট সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

এরপর রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে যান হজরত শাহপরান (রহ.)-এর মাজারে। দুই মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে দুপুরের খাবার খান তিনি।

খাবার পর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত