১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৮
গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের নিজ বাড়ির পাশের একটি ক্ষেতের জমি থেকে আসিদ আলী (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা থেকে ওই বৃদ্ধ নিখোঁজ ছিলেন। স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। সন্ধান না পেয়ে আজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজ পেতে সহযোগিতা চাওয়া হয়েছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় চেয়ারম্যান হেলাল উদ্দিন বৃদ্ধের বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
কোথাও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বিকেলের দিকে বাড়ির পাশের ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিখোঁজ বৃদ্ধের লাশ পাওয়ার খবরে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তারা জানান, বৃদ্ধকে হত্যা করে ক্ষেতের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন আলামত এই ঘটনাকে হত্যাকাণ্ডের দিকেই নির্দেশ করছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য