মো: নাজমুল ইসলাম, বড়লেখা

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১১

সকালে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিল দুই ভাই, দুপুরে পানিতে মিলল লাশ

ছবি: সংগৃহীত ।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৭) ও তাঁর ভাগ্নে দুর্য্য দাস (৯)। অনন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুর্য্য রাজনগর উপজেলার নারায়ণ দাসের ছেলে। সে চতুর্থ শ্রেণিতে পড়ত।

পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদের সঙ্গে কথা বলে জানা গেছে, অমল দাস পরিবার নিয়ে বড়লেখায় বসবাস করেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি আমতৈল গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর বোনও ছেলে দুর্য্যকে নিয়ে সেখানে বেড়াতে আসেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে অনন্য ও দুর্য্য বাড়ির পাশের একটি কালভার্টের নিচে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসতে দেখেন।

স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রশাসনের অনুমতি নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের লাশ দাহ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত