নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৯

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বিএনপি নেতাদের বর্জন নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

সিলেটে মঙ্গলবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা প্রদান করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির এ সংবর্ধনা বর্জন করে সিলেট মহানগর বিএনপি। একইসঙ্গে বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় অনেক শীর্ষ নেতাও সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন।

ওই রাতেই মহানগর বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে সংবর্ধনা আয়োজনে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও জেষ্ঠ্য নেতাদের অবমূল্যায়নের অভিযোগ আনা হয়।

বর্জনকারী অন্য নেতারাও কাইয়ূম চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে মঙ্গলবার চেষ্টা করেও আব্দুল কাইয়ুম চৌধুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বুধবার তিনি এ প্রসঙ্গে সিলেটটুডেকে বলেন, রাষ্ট্রপতির সংবর্ধনা কেউ বর্জন করেছেন বলে আমার জানা নেই। আমরা ১২শ’ লোককে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রিতদের প্রায় সকলেই এসেছেন। এর মধ্যে ২/৪ জন নানা কারণেই বাদ পড়তে পারেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি কোন রাজনৈতিক দলের নয়, তিনি কোন রাজনৈতিক ব্যত্ত্বিত্ব নন। রাষ্ট্রপতি সবার, তিনি রাষ্ট্রের প্রধান। উনার সংবর্ধনায় কেউ না এলে এটা তার ব্যাপার।

সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতি আমাকে ডেকে নিয়ে অরাজনৈতিকভাবে সংবর্ধনা আয়োজনের নির্দেশ দিয়েছি। আমি তার নির্দেশ অনুসারে কাজ করেছি। অরাজনৈতিকভাবে এ সংবর্ধনার আয়োজন করেছি। দলমত নির্বিশেষে সবাইকে দাওয়াত করেছি। আর এই আয়োজনে আমি সভাপতিত্ব করেছি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে, বিএনপির সভাপতি হিসেবে নয়। এতে কে কোন কারণে আসেননি তা আমার জানা নেই।

কাইয়ূম চৌধুরী আরও বলেন, তবে আমাদের আয়োজনে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়েছেন। তিনি আমিসহ সিসিকের সবাইকে ধন্যবাদ দিয়েছেন।

সিটি করপোরেশনের নির্বানের প্রার্থী হওয়া নিয়ে দলীয় বিরোধের কারণে এমনটি ঘটেছে কী না- এই প্রশ্নের জবাবে কাইয়ুম চৌধুরী বলেন, আমার জানা নেই। তবে এরকম হওয়ার কথা নয়। কারণ রাষ্ট্রপতির সংবর্ধনা দলীয় কোন অনুষ্ঠান নয়। এখানে রাজনীতির সম্পৃক্ততা নেই।

তবে প্রধানমন্ত্রী যখন আমাকে প্রশাসকের দায়িত্ব প্রধান করেন তখনই মেয়র নির্বাচনের প্রস্তুতি নওেয়ার নির্দেশ দেন। আমি তার নির্দেশ অনুসারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যুক্ত করেন সিলেট জেলা বিএনপির এই সভাপতি।

মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের আয়োজনে নগরভবনে রাষ্ট্রপতিকে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

বিএনপি সূত্রে জানা যায়, দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের অনেকেই এই সংবর্ধনা অনুষ্ঠানে যাননি। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

বর্জনকারী নেতাদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনা আয়োজন এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে তারা সংবর্ধনা অনুষ্ঠানে যাননি।

আপনার মন্তব্য

আলোচিত