১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৭
তৌহিদী জনতার বাধা ও প্রতিবাদ উপেক্ষা করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে মীরগঞ্জের কুশিয়ারা নদীতে এ নৌকা বাইচ শুরু হয়। এতে মোট ৬টি নৌকা দল অংশগ্রহণ করে। এই নৌকাবাইচ দেখতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।
প্রতিযোগিতায় হাকালুকির বাঘ নৌকাকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে নওয়াই বাংলালিংক নৌকা।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা নৌকা বাইচ বন্ধের দাবিতে মীরগঞ্জ বাজারে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নৌকা বাইচ বন্ধের দাবি জানান।
তবে প্রতিবাদ ও বাধার মধ্যেই শনিবার নির্ধারিত সময়ে কুশিয়ারা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুকে পাল্লা দিয়ে ছুটে চললে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।
তৌহিদী জনতার আপত্তির ব্যাপেরে শুক্রবার রাতে গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেছিলেন, নৌকাবাইচ বাঙালির ঐতিহ্য। আমাদের সংস্কৃতির অংশ। এটি বন্ধ করতে দেওয়া হবে না। বাঙালি সংস্কৃতি বন্ধ হলে বাইরের সংস্কৃতি আমাদের গ্রাস করে ফেলবে। তাই বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে নৌকাবাইচ হবে। আনন্দমুখর পরিবেশেই হবে।
এর আগে বিয়ানীবাজারের সুনাই নদীর নৌকাবাইচও বন্ধের দাবি তুলেছিল স্থানীয় তৌহিদী জনতা। তবে প্রশাসনের সহযোগিতায় ২৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে ওই নৌকাবাইচ হয়। হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন।
আপনার মন্তব্য