২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের এয়ারগানের গুলিতে এক পরিচ্ছন্নকর্মী আহতের ঘটনায় ওই আনসার সদস্যকে অপসারণ করা হয়েছে।
শনিবার বিকেলে অভিযুক্ত আনসার সদস্য মোজাম্মেল হককে প্রত্যাহার করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব
এরআগে শনিবার সকাল ১০টার দেকে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে গুলিতে আহতের ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাবশতঃ এমনটি ঘটেছে।
রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান উড্ডয়নের পূর্বে পাখি তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে বিমানবন্দরের এক ক্লিনার আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়ে এলাকায় পাখি তাড়ানোর দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য মো. মোজাম্মেল হক (শুটার) এবং বিমানবন্দরের ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িযোগে রানওয়ের উদ্দেশ্যে রওনা হন। দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে গাড়িতে অবস্থানকালে আনসার সদস্য মো. মোজাম্মেল হক পাখি নিয়ন্ত্রণে ব্যবহৃত এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন।
পরবর্তীতে গাড়ি থেকে রানওয়েতে নামার সময় এয়ারগানটি লোড অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগলে সেটি ফায়ার হয়। এ সময় এয়ারগান থেকে নির্গত সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনের আসনে থাকা বিমানবন্দরের ক্লিনার মো. রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আহত মো. রুবেল মিয়াকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, আহত ব্যক্তির বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিলেট জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। এয়ারগানটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রানওয়েতে পাখি নিয়ন্ত্রণ/তাড়ানোর দায়িত্ব পালনের কাজে ব্যবহৃত হয়ে আসছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনায় জড়িত আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা ও পেশাদারিত্ব বজায় রাখাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তাবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।
এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটটুডেকে বলেন, গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশতঃ ঘটে গেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়।
তিনি বলেন, এ ঘটনায় নিয়মের কোন ব্যত্যয় বা গাফিলতি আছে কী না তা খতিয়ে দেখবো।
আপনার মন্তব্য