২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৪
নদীর জন্য একটি বিকেল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপ-পরিচালক স্থানীয় সরকার মাহমুদা সুলতানা।
বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার বিকালে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস)-এর আয়োজনে এবং জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)-এর সহযোগিতায় রোববার বিকেলে সুরমা নদীর পাড়, কিন ব্রিজ সংলগ্ন এলাকায় 'নদীর জন্য একটি বিকেল ' শিরোনামে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল নদী বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও কবিতা আবৃত্তি। চিত্রাংকন প্রতিযোগিতায় সিলেট নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উপ-পরিচালক স্থানীয় সরকার মাহমুদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুক্তারুন ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট আর্টস কলেজের সভাপতি শামসুল বাসিত শেরো, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ।
আরও বক্তব্য রাখেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা জাসউস এর সাধারণ সম্পাদক সালমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে নদী বিষয়ক কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা দত্ত। সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠান স্থলে একটি আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "নদী আমাদের সভ্যতা ও অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই নদী ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এ ধরনের সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থাকে এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই । আগামী প্রজন্মের জন্য একটি বাস যোগ্য পৃথিবী গড়তে আমাদের সবাইকে পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে সচেষ্ট হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড মুক্তারুন ইসলাম বলেন, "নদীকেন্দ্রিক এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বার্তা- আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। আজকের এই শিশুরাই একদিন নদী রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার (পোহাস) সভাপতি কাসমির রেজা। তিনি তার বক্তব্যে বলেন, "সুরমা নদীসহ দেশের অসংখ্য নদী আজ দখল ও দূষণের শিকার। আমরা বিশ্বাস করি, শিশু বয়স থেকেই যদি নদী রক্ষার বার্তা পৌঁছে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে একটি নদী-সচেতন প্রজন্ম গড়ে উঠবে। আজকের এই চিত্রাংকন প্রতিযোগিতা এবং অন্যান্য আয়োজন আমাদের সেই লক্ষ্যেরই একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও পোহাস নদী ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।"
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনজন করে মোট নয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আনম জিয়া, বাপা সিলেট এর সহসাধারণ সম্পাদক অধ্যাপক ড নাসরিন সুলতানা, কার্যকরী কমিটির সদস্য শিক্ষক মুস্তাফিজুর রহমান, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি অরবিন্দ দাস , আসলাম উদ্দিন বিশিষ্ট ব্যাংকার মামুনুর রশিদ প্রমুখ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের আহ্বায়ক সাফকাত তাসিন, বিডি ক্লিন এর কোঅর্ডিনেটর মিজানুর রহমান, সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
আপনার মন্তব্য