২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৮
বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসা ছাত্রী। মেয়েকে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটির পর অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন। কিন্তু মীমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। স্থানীয়ভাবেও মাইকিং করা হয়। মীমের সন্ধানের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন।
তবে নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মীমের সন্ধান না পাওয়ায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে। স্বজনদের দাবি, মীমকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হোক।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, মীম নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তাকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। মীমকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য