সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৬

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত

‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। রবিবার সিলেটের বাদাঘাট এলাকায় মেরিন একাডেমিতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সেলেন্স’-‘নীতি থেকে বাস্তবায়ন: মেরিটাইম উৎকর্ষকে শক্তিশালী করা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

দিবসের শুরুতেই একাডেমির ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ ও ক্যাডেটদের অংশগ্রহণে বিশ্ব নৌ দিবস প্রতিপাদ্য বিষয় ও মেরিনার নিরাপত্তা বিষয়ক প্ল্যাকার্ড সম্বলিত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি একাডেমির এডমিন ব্লক থেকে শুরু হয়ে প্রধান গেইট বের হয়ে বাদাঘাট ব্রিজ প্রদক্ষিণ করে একাডেমিতে এসে শেষ হয়।
পরে বিকালে একাডেমির অডিটোরিয়ামে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিবের বাণী প্রচার, বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে নৌ-প্রশিক্ষণের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনাসভা, ক্যাডেটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, প্রীতিভোজসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই নিরাপদ নৌপথ, আধুনিক বন্দর ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক মেরিটাইম সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘মেরিন ক্যাডেটদের পেশাগত যোগ্যতা-সততা ও শৃঙ্খলা নিয়মনিষ্ঠা (কম্পিটেন্সি, অনেস্টি আর ডিসিপ্লিন) এ তিনটি বিষয়ে জোর দিতে হবে। এ তিনটি বিষয় তারা প্র্যাকটিস করলেই তাদের আগামী মেরিন যাত্রা পথ সুগম ও সুন্দর হবে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অস্থিরতার প্রভাব জ্বালানি, আমদানি-রপ্তানি ও নিত্যপণ্যের বাজারে পড়ে। তাই সমুদ্র নিরাপত্তাকে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

সমাপনি বক্তব্যে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ‘বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই সমুদ্রপথে মেরিনারদের নিরলস প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন সংকটের কারণে গুরুত্বপূর্ণ এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে মেরিনারদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) কে মেরিনারদের সুরক্ষায় আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।’

আপনার মন্তব্য

আলোচিত