নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪১

সিলেটের তিন এসিল্যান্ডকে প্রত্যাহার

সিলেট বিভাগের তিন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করেছে সরকার। তারা হলেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ , ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং মৌলভীবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন।

তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

দেশের বিভিন্ন উপজেলার মোট ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) এভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার এসিল্যান্ড রয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রত্যাহার করা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগে ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত