২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩০
সিলেট নগরের শাহ্পরাণ থানা এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহ্পরান থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ বখ্ত রাদ (২৫) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আসিফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোমবার (২৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করার অভিযোগ রয়েছে। এছাড়া নাশকতার চেষ্টা ও নৈরাজ্যের পরিকল্পনাসহ অপরাধমূলক কাজের জড়িত থাকার কারণে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারি মধ্যে রেখেছিল পুলিশ। পরবর্তীতে সিলেট মহানগরীর শাহ্পরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে আসিফকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ঝটিকা মিছিল করা হয়। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আপনার মন্তব্য