৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৫
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় গত নয় মাসে ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করে বিজিবি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন চারটি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
মিডিয়া ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত নয় মাসে ৯টি ম্যাগাজিনসহ ১১টি পিস্তল, সাতটি এয়ারগান ও পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়।
একই সময়ে ৩ লাখ ১২ হাজার ৯১০টি ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ৩ লাখ ৭৩ হাজার ৫৭১টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা চোরাচালান পণ্যের মোট মূল্য ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ১৩টি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১৫ হাজার ৯০০ পাথর ও ৭ হাজার ৩০০ ফুট বালুও জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৩০৫ জনকে আটক করা হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি কাজ করছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরেন বিজিবির এই কর্মকর্তা বলেন, গত নয় মাসে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিয়েছে। বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকাতেও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে সীমান্তবাসীর সচেতনতা বাড়ানো হয়েছে।
আপনার মন্তব্য