শ্রীমঙ্গল প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৬ ২১:২৩

কুলাউড়ায় পুঞ্জিতে পানজুম ধ্বংস: ঘটনাস্থল পরিদর্শনে আদিবাসী ফোরমের নেতৃবৃন্দ

​মৌলভীবাজারের কুলাউড়ার নার্সারি খাসিয়া পুঞ্জিতে আদিবাসী পরিবারের পানজুমে হামলা চালিয়ে ৯ হাজারের অধিক পানগাছ কেটে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদিবাসী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

শুক্রবার (২ অক্টোবর) বৃহত্তর সিলেট আদিবাসী সাংস্কৃতিক ফোরাম ও বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার শাখা যৌথভাবে ক্ষতিগ্রস্ত পানজুম ও ভুক্তভোগী পরিবারগুলো সরেজমিন পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতার আশ্বাস দেন। ​পরিদর্শন দলে উপস্থিত ছিলেন জনক দেববর্মা, ফিলা পতমী, ভূবন সিংহ এবং সাজু মারছিয়াং।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবার উপস্থিত ছিলেন লিকিন খংপ্ডা, পাইলা পতাম, নাসরিন পতাম, জনি পতাম, নিস্তার পাটুয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম এবং মাসার তংপের প্রমুখ।

​ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জনক দেববর্মা বলেন, "আমরা ক্ষতিগ্রস্ত পানের জুমগুলো ঘুরে দেখেছি এবং সুনির্দিষ্ট তথ্য- সংগ্রহ করেছি। আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে, আদিবাসী খাসিয়া ও গারো সম্প্রদায়ের ওপর চরম অন্যায় করা হচ্ছে। তারা যুগ যুগ ধরে এই ভূমিতে বসবাস ও জীবিকা নির্বাহ করে আসছে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, একই স্থানে বারবার এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আদিবাসী সাংস্কৃতিক ফোরামের সদস্য ফিলা পতমী স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এরআগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১০টি খাসিয়া ও গারো পরিবারের পানজুমে দুর্বৃত্তরা তাণ্ডব চালায়। এতে প্রায় ৯ হাজার পান গাছ কেটে ফেলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত