০৬ অক্টোবর, ২০২৬ ০২:৫৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেটের পরিধি ও সম্ভাবনা আরও এগিয়ে নিতে যাত্রা শুরু করতে যাচ্ছে ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গল। আজ মঙ্গলবার সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজার সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গলে বিভিন্ন ক্রীড়া ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তছবির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ৬ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছাবেন।
এরপর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে তিনি শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন।
এ সফরে তিনি খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিংরুমের উদ্বোধন এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কারকাজ পরিদর্শন করবেন। পরে শ্রীমঙ্গল উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থানগুলোও পরিদর্শনের কথা রয়েছে।
এ ছাড়া সফরসূচিতে দুপুর ২টায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার আয়োজিত ‘জয়েন্ট স্পোর্টস কাউন্সিল, মৌলভীবাজারথ-এ অংশ নেবেন প্রতিমন্ত্রী।
সফর শেষে সন্ধ্যায় আকাশপথে শ্রীমঙ্গল ত্যাগ করে রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
আয়োজকদের আশা, ক্রিকেট একাডেমির যাত্রার মধ্য দিয়ে শ্রীমঙ্গলের তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ আরও বিস্তৃত হবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আপনার মন্তব্য