০৭ অক্টোবর, ২০২৬ ০০:৫২
সিলেটের ঐতিহ্যবাহী ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার উদ্যোগ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন তিনি।
১৮৭১ থেকে ১৯২৯ সালের মধ্যে প্রতিষ্ঠিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সুদীর্ঘকালের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেন বাণিজ্যমন্ত্রী।
ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, সিলেট সদর, ওসমানীনগর, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট, বিশ্বনাথ ও বিয়ানীবাজার উপজেলার এসব প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে স্থানীয় দরিদ্র ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হলে এলাকার দীর্ঘদিনের শিক্ষাবৈষম্য দূর হওয়ার পাশাপাশি শিক্ষার সার্বিক মান আরও উন্নত হবে বলে চিঠিতে উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয়করণের তালিকায় থাকা ১৫টি প্রতিষ্ঠান হলো-বিয়ানীবাজারের লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়, একই উপজেলার জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জের গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ, সিলেট নগরীর রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, ওসমানীনগরের শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়, নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং দক্ষিণ সুরমার রাখালগঞ্জ কৈলাশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এ ছাড়া তালিকায় রয়েছে দক্ষিণ সুরমার লালবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিয়ানীবাজারের দুবাগ স্কুল অ্যান্ড কলেজ, কানাইঘাটের দুর্গাপুর হাইস্কুল ও কলেজ, গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট নগরীর দি এইডেড হাই স্কুল, বিশ্বনাথের একলিমিয়া উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়।
ঐতিহাসিক গুরুত্ব ও আঞ্চলিক অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে তালিকাভুক্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
আপনার মন্তব্য