০৯ অক্টোবর, ২০২৬ ১৮:৫৫
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়েছে। উপজেলার মনু রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সনধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা নিজ বাড়ি কুলাউড়ার উদ্দেশ্যে একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে উঠেন। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে আকুতি জানান স্বজনেরা। দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর শুক্রবার আনুমানিক ১০টায় মনু রেলস্টেশনে এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য