নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৬ ১৫:০২

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন।

রোববার স্বাস্থ্য বিভাগ, সিলেটের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন করে মারা যাওয়া তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ ও ১০ অক্টোবর মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ছয় মাস, একজনের এক বছর দুই মাস এবং অন্যজনের ১০ মাস। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৮০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০ জন। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যু ১৯০।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৪২২ জন। সুনামগঞ্জে এ সংখ্যা ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮। হবিগঞ্জের সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন। সব মিলিয়ে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫।

মৃত্যুর হিসাবেও সিলেট জেলা শীর্ষে। জেলাটিতে সন্দেহজনক হাম রোগে ৭৪ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে এই দুই শ্রেণিতে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬৮ ও একজন। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ২৪ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।

১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি ছিলেন ৫১৫ জন।

আপনার মন্তব্য

আলোচিত