সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:০৩

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবি এলাকাবাসীর

একযুগ ধরে নির্বাচন হচ্ছেনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের। সীমানা নিয়ে হাইকোর্টে রিট-পিটিশন নিস্পত্তি না হওয়ায় ইউনিয়নবাসী নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়নবাসী অবিলম্বে নির্বাচন আয়োজনে ব্যবস্থা নিতে সরকার ও ইসির প্রতি জোর দাবি জানিয়েছেন। রোববার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়নবাসীর পক্ষে এ দাবি জানান সাহাব আলী।

লিখিত বক্তব্যে বলা হয়, ৫ বছর পর পর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু ২০০৩ সালের পর থেকে মিরপুর ইউনিয়নের আর নির্বাচন হয়নি। ইউনিয়নের সাথে বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তী লহরী গ্রামের একাংশ নিয়ে ভোটার মানিক মিয়া হাইকোর্টে রিট-পিটিশন করেন। ওই সময় হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও রিটের নিস্পত্তি হয়নি। কোন অবস্থায় আছে তা কেউ জানেন না। সীমানা জটিলতার কারণে শুধু মীরপুর নয়, সীমান্তবর্তী বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নেরও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ফলে সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত ও এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। মিরপুরের প্রায় ১৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সাহাব আলী লিখিত বক্তব্যে বলেন, এবার আমরা আশা করেছিলাম আমাদের ইউনিয়নে নির্বাচনের জট খুলবে। কিন্তু দেখা গেল- জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু মিরপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। এ সংবাদ জানার পর থেকেই পুরো ইউনিয়নজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বেশ কিছু সামাজিক সংগঠন নির্বাচন আদায়ের লক্ষ্যে মতবিনিময়সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা ভোটাধিকার থেকে দুরে রাখছে ইউনিয়নবাসীকে। গত ১৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে দরখাস্ত করা হয়েছে। এখন কোনো ফল মিলেনি। মিরপুর ইউনিয়নবাসীকে তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল হোসেন, কুদ্দুছ আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত