বড়লেখা প্রতিনিধি

২৮ আগস্ট, ২০১৭ ০০:০৬

‘একদিকে আওয়ামী লীগের অত্যাচার আরেকদিকে বন্যার অত্যাচার’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, এই সময়ে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্যা। আর বন্যার পাশাপাশি দেশের যা অবস্থা, দেশে এখন একদিকে চলছে আওয়ামী লীগের অত্যাচার আরেকদিকে বন্যার অত্যাচার।

মির্জা আব্বাস রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠুর অর্থায়নে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বন্যা এর আগেও হয়েছে। তবে এবারের মত প্রলয়ংকরি বন্যা আর কোনদিন আমি দেখিনি। মানুষ বলে ৮৮ সালের বন্যা, আরেকটা বলতে পারেন ৭৪ সালে, তবে এবারের বন্যায় প্রায় ৭৫ লক্ষ লোক ভিটে ছাড়া হয়ে গেছে সারা বাংলাদেশে। এ তথ্য একটা জরিপে দেখলাম। কিন্তু সরকার এ ব্যাপারে কিছু বলছেন না। কারণ বললে তাদের ক্ষতি হবে। তারা তখন বলবেন, যখন বন্যার পানি নামতে শুরু করবে। যখন মানুষ দুর্ভিক্ষে পড়বে, না খেয়ে মারা যাবে। তখন সরকার সারা বিশ্বের কাছে হাত তুলে দাঁড়িয়ে বলবে আমাদের দেশে দুর্ভিক্ষ হচ্ছে, বন্যা হচ্ছে। আপনারা আমাদেরকে সাহায্য করুন। রিলিফ আসবে, আপনারা কষ্ট করবেন। আর রিলিফের টাকা তারা মেরে খাবে। এটা তাদের অভ্যাস। এটা নতুন কিছু না।’

বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেনে, ‘আমি এখানে ত্রাণ বিতরণের জন্য এসেছি। অফিসের নির্দেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের জন্য এসেছি। কোন সাংগঠনিক কাজ নয়। শুধু ত্রাণ বিতরণের জন্য। আমাকে বলা হয়েছে অফিস থেকে আমি আসছি। এখানে কাউকে এমপি বানানোর জন্য, ক্যাম্পেইন করার জন্য আসিনি। তাই কোন স্লোগান দেবেন না।’

টেকাহালী বন্যা আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তালিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদের সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল আবুল খায়ের ভূইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত