নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৫

সিলেট চেম্বারে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিলেট এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় চেম্বার কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময়  ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালারও সনদপত্র বিতরণ করা হয়।

 সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ ইফতেখারুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ দিন দিন শিল্পখাতে উন্নতি সাধন করছে। শিল্পে উন্নত হওয়ার পাশাপাশি পরিবেশের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরী। তাই বিসিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার সাথে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করে থাকে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান যুব সমাজ খুবই উদ্যোমী। এই যুব সমাজই বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এজন্য প্রয়োজন উৎপাদন ও রপ্তানী বৃদ্ধি। তিনি আরো বলেন, বাংলাদেশের জমি অত্যন্ত উর্বর এবং অনেক বড় বড় দেশের তুলনায়ও বাংলাদেশের ফসলী জমির পরিমান বেশী। তাই এদেশে কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা প্রচুর। তিনি বাংলাদেশের উদ্যোমী যুব সমাজকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর মহাব্যবস্থাপক ইঞ্জিঃ শফিকুল আলম ও বিসিক, সিলেট এর ডিজিএম মোঃ মুহসীন কবির খান।

সেমিনারের বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবি’র সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জহির বিন আলম। তিনি প্রশ্ন-উত্তর পর্বে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, শিল্পে পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিলেট অঞ্চল শিল্প খাতে যেমন সম্ভাবনাময়, তেমনি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যও পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। তাই শিল্প খাতে উন্নয়নের পাশাপাশি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার থেকে লব্ধ জ্ঞান স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে শরীক হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।

সিলেট চেম্বারের সিনিয়র অফিসার মিনতি দেবীর সঞ্চালনায় সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক ফালাহ্ উদ্দিন আলী আহমদ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক ও মুশফিক জায়গীরদার। অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিসিক এর সহকারী প্রকৌশলী এ. এম. এম. মুহাইমিন, উপ-ব্যবস্থাপক মোস্তফা মাছরুর হারুন, সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ প্রমুখ।    

আপনার মন্তব্য

আলোচিত