বড়লেখা প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০১৭ ২০:১৪

বড়লেখায় নিকুড়িছড়া পুন:খনন শুরু

মৌলভীবাজারের বড়লেখায় ভরাট হয়ে যাওয়া নিকুড়িছড়া পুন:খনন কাজ শুরু হয়েছে। নিকুড়িছড়া ব্রিজ এলাকা থেকে ধামাইন নদী পর্যন্ত চার কিলোমিটার পুন:খননে ব্যয় হবে ৬০ লাখ টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নিকুড়িছড়া পুন:খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বিএডিসির সহকারী প্রকৌশলী আরিফুল হক প্রমুখ।

নিকুড়িছড়া খননের ফলে বড়লেখা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। নিকুড়িছড়া ভরাট হওয়ায় ভারী বৃষ্টি হলেই ছড়া ভরে বড়লেখা পৌর এলাকা প্লাবিত করে। এতে বর্ষায় একাধিকবার শহর প্লাবিত হওয়ার ঘটনা ঘটে। এছাড়াও নদী এলাকায় প্রায় ৪০০ হেক্টর ভূমি আবাদের আওতায় আসবে।

আপনার মন্তব্য

আলোচিত