০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:১৯
সিলেটের আদালত পাড়ায় দুই সাংবাদিকের ওপর হামলায় নেতৃত্বদানকারী জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়াও হত্যা মামলার কারাগারে থাকা লিয়াকতের অন্যতম সহযোগী জৈন্তাপুরের আদর্শ গ্রামের শামীম আহমদকে সাংবাদিকদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী। তিনি জানান, আদালত এলাকায় সাংবাদিকদের ওপর হামলার মামলায় লিয়াকত আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি এ মামলায় শামীম আহমদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা দুজনই জৈন্তাপুরের একটি হত্যা মামলায় কারাগারে আছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় জৈন্তাপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তা আদালতে ৩দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি সকালে সিলেট আদালত প্রাঙ্গণে লিয়াকত আলী ও তার অনুসারীদের দ্বারা হামলার শিকার হন যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের চিত্রগ্রাহক মামুন হাসান। এসময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে আন্দোলনে নামে সিলেটের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন।
আপনার মন্তব্য