০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:৩২
পঞ্চম বারের মতো সিলেটবাসী বর্ণমালার মিছিল দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিলেন। এসময় ১৯৫২, ১৯৭১ ও বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই বর্ণমালার মিছিল।
মিছিলের উদ্বোধন করেন ভাষা সৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান ভুঁইয়া।
বর্ণমালার মিছিলটি বন্দর বাজারের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। এ সময় শহিদ মিনারে মিছিলটিকে ছন্দ নৃত্যালয়ের নৃত্যশিল্পীরা ভাষার গানের সাথে নৃত্য পরিবেশন করে বরণ করে নেয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক আব্দুল মালিক জাকা, ব্যারিস্টার মোহম্মদ আরশ আলী সহ সর্বস্তরের সামাজিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
আয়োজক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, এটি বর্ণমালার মিছিলের ৫ম আয়োজন। আমরা প্রতিবছর এই আয়োজনটি করি মূলত দু’টি উদ্দেশ্যে। একটি হলো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং অন্যটি হলো নতুন প্রজন্মের সামনে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে।
আপনার মন্তব্য