নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:১১

সিলেটে বাসায় আগুন দিয়ে ভেতরে আটকা ব্যক্তি, অবশেষে উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট সংলগ্ন কালিবাড়ি এলাকার একটি বাসায় আগুন লাগিয়ে দিয়ে দা হাতে নিয়ে বাসাটির ভেতরে অবস্থান করা এক ব্যক্তিকে আড়াই ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাসায় আগুন লাগিয়ে দেন ওই ব্যক্তি। 'নেহার নীড়' নামক বাসাটির ভেতরে থাকা ওই ব্যক্তির নাম দিলু মিয়া (২২)।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা। তারা প্রায় আড়াই ঘন্টা ধরে ওই ব্যক্তিকে বাসার ভেতর থেকে বের করে আনার চেষ্টা করেন। কিন্তু কেউ ভেতরে যেতে চাইলেই তাকে দা নিয়ে তাড়া করছিলেন দিলু মিয়া। অবশেষে দুপুর আড়াইটায় দিলু মিয়াকে বাসা থেকে বের করে আনা সম্ভব হয়।

স্থানীয় সাজ্জাদ হাসাইন সিলেটটুডেকে জানান, দিলু মিয়া মানসিকভাবে অসুস্থ। এ কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

তিনি আরও জানান, দিলু মিয়া গত ৩ দিন ধরে ঘর থেকে বের হননি। আজ (বুধবার) সকাল থেকেই তিনি ঘরের ভেতর থেকে চিৎকার করছেন, মানুষকে মারার হুমকি দিচ্ছেন।

দিলু মিয়াকে উদ্ধারের পর সিলেটের ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি সিলেটটুডেকে বলেন, দিলু মিয়াকে উদ্ধার করা হয়েছে। আমরা তাকে জালালাবাদ থানায় নিয়ে যাচ্ছি। সেখানে ওসির কাছে দিলু মিয়াকে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত