০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক এড. সামসুজ্জামান জামানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় নগরীর বুরহানবাগ বাসায় পুলিশ অভিযান চালায়।
এ সময় সামসুজ্জামান জামানকে না পেয়ে বাসার ভাড়াটে লোকদের সাথে তাঁর সম্পর্কে জানার চেষ্টা করে। পরে তাকে না পেয়ে পুলিশ চলে আসে। এ বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এডভোকেট সামসুজ্জামান জামানের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশী তল্লাশির নামে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দ বলেন, ‘অবৈধ আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শহিদ জিয়ার সৈনিকদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। আওয়ামী দু:শাসনে অতিষ্ঠ হয়ে জাতি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, সেই সময়ে ত্যাগী নেতাকর্মীদের বাসা বাড়ীতে তল্লাশির নামে পুলিশী হয়রানী চালিয়ে জনমনে ভীতি সঞ্চার করছে।
তাঁরা বিএনপি নেতা এড. সামসুজ্জামান জামানের বাসায় পুলিশী তল্লাশি ও ভাংচুরের তীব্র নিন্দা জানান। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবানও জানান তাঁরা।
আপনার মন্তব্য