দিরাই প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৮ ১৮:৪৮

নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলা মহৌষধ হিসেবে কাজ করে: জয়া সেনগুপ্তা

দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, সুস্থ শরীর ও মনের জন্য চাই সুস্থ বিনোদন। আর খেলাধুলা সুস্থ বিনোদনেরই অংশ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও পারদর্শী হতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে দেশগঠনে ভূমিকা রাখতে হবে। খেলাধুলা নৈতিক অবক্ষয় রোধে মহৌষধ হিসেবে কাজ করে। খেলাধুলা ও সংস্কৃতিচর্চা বাড়িয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি বিদ্যালয়ের মূলচালিকা শক্তি হচ্ছেন শিক্ষকরা। আর শিক্ষকরা সঠিক দায়িত্ব পালন করলে কোমলমতি শিশু-কিশোররা পাবে সুন্দর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শিক্ষকদের শ্রদ্ধার সাথে দেখতে হবে।

বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ২টায় দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার যথাসময়ে পাঠ্যবই পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ সরকার কয়েক বছরে বদলে দিয়েছে শিক্ষাক্ষেত্র, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনা নি:সন্দেহে শিক্ষায় ব্যাপক পরিবর্তন এনেছেন। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার। পিছিয়ে থাকা হাওরপাড়ের  শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস ছোবান'র সভাপতিত্বে ও সাবেক শিক্ষক মওদুদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছোবা মিয়া, জগদল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদিউজ্জামান সর্দার, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল পাশা, আওয়ামী লীগ নেতা আওয়াল মিয়া, ছানু মিয়া, উপজেলা যুবলীগ নেতা দিল আমিন, রায়হান মিয়া, আব্বাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লিটন আহমদ, দিরাই কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সাবনাজ চৌধুরী। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত