নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০৯

সিলেটে হেলমেট বিক্রিতে পুলিশ

ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তোলা ও ট্রাফিক আইন মানতে সবাইকে উদ্ভুদ্ধ করতে শনিবার থেকে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে সিলেট মহানগর পুলিশ। ওইদিন হেলমেট না থাকা মোটর সাইকেল চালকদের মধ্যে হেলমেট ও মোটরসাইকেলের লুকিং গ্লাসও বিক্রি করতে দেখা যায় পুলিশকে।
 
শনিবার দুপুরে নগরীর চৌহাট্টা মেড়ে অস্থায়ী টোল বসিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ও লুকিংগ্লাস বিক্রি করে পুলিশ।

এসময় চৌহাট্টা মোড়ে পুলিশ চেকপোস্টের সামনে অবস্থানরত পুলিশ সদস্যরা জানান, জনগনকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব মোটর সাইকেলে লুকিং গ্লাস নেই ও চালকদের হেলমেট নেই, সেসব চালকদের কাছে হেলমেট ও লুকিং গ্লাস বিক্রি করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) হাবিবুর রহমান জানান, যারা হেলমেট ও লুকিং গ্লাস কিনেছেন তাদের বিরুদ্ধে শনিবার কোনো মামলা দেওয়া হয়নি। আগামীতে এগুলো ব্যবহারের কথা বলা হয়েছে। যারা এগুলো ক্রয় করেননি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুলিশ সদর দফতরের নির্দেশনানুযায়ী সিলেটে শনিবার থেকে শুরু হয় সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযত্রা বের করে মহানগর পুলিশ। সকালেই চৌহাট্টায় হেলমেট ও লুকিং গ্লাস বিক্রি শুরু করে মহানগর পুৃলিশের ট্রাফিক বিভাগ।

শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত  কমিশনার পরিতোষ ঘোষ,  উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বড়ুয়া,  সিনিয়র সহকারী কমিশনার গোলাম দস্তগীর, সিনিয়র সহকারি কমিশনার পলাশ রঞ্জন দে (ট্রাফিক), সহকারি কমিশনার (ট্রাফিক) আশিদুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. হানিফ মিয়া প্রমুখ এ কার্যক্রমের উদ্বোধন করেন।।

এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার এ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত