কমলগঞ্জ প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১৮

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত চা বাগান কর্মীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগান কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে আহত মহব্বত আলী (৫৪) নামে চা বাগান কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাম্পারায় চা-বাগান কারখানায় দুর্ঘটনাটি ঘটলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত মহব্বত আলী চাম্পারায় চা-বাগানের ওয়েল্ডিং কর্মী।

চাম্পারায় চা-বাগান সূত্রে জানা যায়, বাগানের ওয়েল্ডিং কর্মী মহব্বত আলী কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সকাল ১১টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শকে তিনি ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

চাম্পারায় চা-বাগান ব্যবস্থাপক মো. শামছুল ইসলাম (সেলিম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময় তিনি চা-বাগানের প্লান্টেশন এলাকা পরিদর্শনে ছিলেন। ঘটনার পর তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত চা-বাগান কর্মী মহব্বত আলী খুবই ভাল লোক ছিল। তার বাড়ি চাম্পারায় চা বাগানেই। বাগানের ওয়েল্ডিং কর্মীর মৃত্যু পরবর্তী সকল প্রকার ব্যবস্থা বাগানের পক্ষ থেকে করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত