২৯ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৫৫
হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারের রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র জি. কে. গউছ। মেয়রের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের জন্য পৌরসভার নিজস্ব অর্থায়নে ৭০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা আরসিসিকরনের কাজ বাস্তবায়ন হচ্ছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মেয়র জি. কে. গউছ ঘাটিয়া বাজারে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন।
এসময় মেয়র বলেন, ‘ঘাটিয়া বাজার হবিগঞ্জ শহরের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কেনাকাটার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। শহরে ব্যবসার প্রাণকেন্দ্র ঘাটিয়া বাজারের রাস্তার দুরবস্থার কারণে মানুষের কষ্ট হয়েছে। পবিত্র ঈদ উল আযহার সময় আমি পবিত্র হজ্ব পালন করতে সৌদিআরব অবস্থান করছিলাম। আমি জানতে পেরেছি ওই ঈদে জনসাধারণ ঘাটিয়া বাজারের ভাঙ্গা রাস্তার জন্য চরম ভোগান্তির শিকার হয়েছেন। এ অবস্থা বিরাজ করলে আগামী শারদীয় দুর্গাপূজা উৎসবেও জনদুর্ভোগের আশংকা রয়েছে। তাই এই জনদুর্ভোগ লাঘবের জন্য এবং ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কষ্ট দুর করার জন্য আমি সম্প্রতি ঘাটিয়া বাজার পরিদর্শন করি। কাউন্সিলরবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে আমি এই রাস্তা দুর্গাপূজার আগেই আরসিসি রাস্তা হিসেবে বাস্তবায়ন করে দেয়ার প্রতিশ্রুতি দেই। সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্যই আমি পৌরসভার নিজস্ব তহবিল হতে ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণের কাজ শুরু করেছি।’
গত ২১ সেপ্টেম্বর মেয়র হবিগঞ্জ শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ঘাটিয়া বাজার পরিদর্শন করে ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ রাস্তা আরসিসিকরণের ঘোষণা দেন। মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উৎসবের আগেই আরসিসিকরণের কাজ শেষ করার জন্য তাৎক্ষনিকভাবে পৌরসভার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের কাজ জোরেশোরে শুরু হয়।
শনিবার ঢালাই কাজ চলাকালে মেয়র জি. কে. গউছের সাথে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. জাহির উদ্দিন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, পিয়ারা বেগম, ব্যবসায়ী সুখলাল সূত্রধর, এমদাদুর রহমান বাবুলসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী।
আপনার মন্তব্য