নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০১৮ ১৬:৩৫

জকিগঞ্জে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক উদ্ধার, আটক ১

সিলেটের জকিগঞ্জ থেকে ১০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং ১০০ পিস ইলেকট্রিক ডেটোনেটরসহ আব্দুল মন্নান (৩৮) নামের ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব-৯)।

শনিবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলাধীন কোনাগ্রাম বাবুরখাল ব্রিজ এলাকা থেকে এসব বিস্ফোরকদ্রব্যসহ তাকে আটক করা হয় বলে দুপুরে র‍্যাব-৯ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আটক আব্দুল মন্নান উপজেলার বারঠাকুরি ইউনিয়নস্থ দিঘলী গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে র‍্যাব-৯ এর সদস্যরা স্থানীয় বাবুরখাল ব্রিজের ওখানে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১ জনকে আটক করতে সক্ষম হয়।

এসময় তার হেফাজতে থাকা ৫ টি নীল রংয়ের পলি ব্যাগ ভর্তি খাকী কাগজের মোড়ানো ১০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং সাদা তারসহ ১০০ পিস ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়- উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং উচ্চ মান সম্পন্ন। যার ১০ টি দ্বারা একটি ২/৩ তলা স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ আরো জানায়- আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিস্ফোরকগুলো মূলত সীমান্তবর্তী এলাকার কয়লা খনি সমূহে ব্যবহৃত হয় এবং এর চালান আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন কয়লা খনিতে কর্মরত কিছু অসাধু কর্মচারীর মাধ্যমে বিভিন্ন মাধ্যম হয়ে দুর্গম এলাকার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান- এই বিস্ফোরকের সাথে পূর্বে আটককৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের মিল রয়েছে, যাতে প্রতীয়মান হয় এই বিস্ফোরকদ্রব্য সমূহ জঙ্গি কার্যক্রমে ব্যবহার হতে পারে। এসবের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া ধৃত অভিযুক্তের কাছ থেকে তার অপর ৪/৫ জন পলাতক সহযোগীর তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত