নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০১৯ ১৪:২৩

সিলেটের বাজারে ‘রয়েল বিদ্যুৎ’, দাম ১৫ লাখ টাকা

কোরবানির পশু

ঈদুল আযহা উপলক্ষে সিলেটের পশুর হাট না জমলেও ইতোমধ্যে দেশের কয়েকটি বৃহদাকারের ষাঁড়ের কয়েটির দেখা পাচ্ছেন সিলেটের ক্রেতারা। যার মধ্যে এখন পর্যন্ত সিলেটের বাজারের সবচেয়ে বড় গরুটির নাম রয়েল বিদ্যুৎ। সিলেটের কোরবানির পশুর বাজারে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন সুরমা ক্যাটেল ফার্মের উদ্যোক্তা এডভোকেট মোহাম্মদ আবু নোমানের।

রয়েল বিদ্যুৎ নামের এ ষাঁড়টির ওজন প্রায় ৩২ মণ। বয়স ৬ বছর। লম্বায় ১৪ ফুট ও উচ্চতায় ৬ ফুট। জন্মও হয়েছে সিলেটে। এর আগের বছর এই ষাঁড়টি দেশের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলিতে তোলা হলেও এ বছর তা তোলা হচ্ছে সিলেটের বাজারে।

সিলেট খামারবাড়ী প্রতিষ্ঠান সুরমা ক্যাটেল ফার্ম সূত্রে জানা যায়, এ গরুটির জন্ম সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর খামারে। তিন বছর বয়সে সেখান থেকে কিনে আনা হয়। বর্তমানে এটির বয়স ৬ বছর। সম্পূর্ণ অর্গানিক খাবারের মাধ্যমে গরুটি মোটাতাজারকরণ করা হয়েছে। গরুটির দর হাঁকছেন তিনি ১৫ লাখ টাকা; এ পর্যন্ত ৯ লাখ দর হয়েছে। গরুটির বয়স অনুসারে কোরবানির জন্য একটি আদর্শ গরু বলেও জানান ফার্মের উদ্যোক্তা।

গরুটিকে কী কী খাওয়ানো হয়, এ প্রশ্নের জবাবে এডভোকেট মোহাম্মদ আবু নোমান বলেন, বিশেষ করে অর্গানিক উপায়েই স্বাভাবিক দানাদার খামার দিয়েই তিনি গরু মোটাতাজাকরণ করে থাকেন। এজন্য তিনি খামারের পাশের জায়গা লিজ নিয়ে ঘাসের চাষও করছেন। পাশাপাশি খড়েরও বিশাল সংগ্রহ রয়েছে তার।

তিনি আরও বলেন, তার খামারে গরুর স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেয়া হয়। এজন্য তার খামারে একদল বিশেষজ্ঞ ভেটেরিনারি ডাক্তারও রয়েছে। তাছাড়া সার্বক্ষণিক পরিচর্যার জন্য ৫জন কর্মচারীও নিয়োজিত আছেন; যারা গরুকে গোসল করানো, খাবার খাওয়ানোসহ সার্বিক পরিচর্যা করে থাকেন।

তার দাবি, তার ফার্মের গরু শতভাগ সুস্থ এবং সবল। তিনি অর্গানিক খাবারেই গরু মোটাতাজা করেন। যে কারণে তার ফার্মের গরুর মাংসের বিষয়ে ক্রেতারা প্রশংসাও করে থাকেন। খামারে বর্তমানে ৩২ এবং বিক্রির জন্য নগরীর প্রধান পশুর হাট কাজিরবাজারে ২৪টি পশু নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও এ বছর ঈদ ঘিরে তার খামারে রয়েল বিদ্যুৎ ছাড়াও বৃহদাকৃতির আরও বেশ ক’টি গরু রয়েছে। যেগুলোর ওজন ৫০০ থেকে ৬০০ কেজি। এছাড়া দেশি প্রজাতিরও কিছু পশু প্রস্তুত রাখা হয়েছে। সবমিলিয়ে এবারের ঈদের জন্য ৫২টি গরু প্রস্তুত রেখেছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত