০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে মাধবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নুসরাত জুয়েলের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন। সোমবার রাতে তিনি এ মামলা করেন।
মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নুসরাত জুয়েল তার ফেসবুক ওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আপলোড করে কটুক্তি করেন। সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে উপজেলা পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েলকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন বাদি হয়ে জামায়াত নেতা জুয়েলের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা করেন।
মাধবপুর থানার ওসি তদন্ত কে. এম আজমিরুজ্জামান বলেন, সোমবার রাতেই মামলাটি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রেকর্ডভূক্ত করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য