নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০১৫ ০১:৫০

ভ্যাটবিরোধী আন্দোলন: সকাল থেকে ফের অবস্থান নেবে সিলেটের শিক্ষার্থীরা

ফাইল ফটো

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আজ সকাল থেকে ফের প্রতিবাদী অবস্থান কর্মসূচী শুরু করবে। আজ (শনিবার) সকাল ১১ টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেবে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষাখাতে ভ্যাট প্রত্যাহারের পূর্ব পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচী ও পরবর্তীতে ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচী প্রদান করবেন তারা। আজকের অবস্থান কর্মসূচীতে সিলেটের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে বলে জানান আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা দেখে অর্থমন্ত্রী একেক দিন একেক কথা বলছেন। অর্থমন্ত্রী ও এনবিআর শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। কোনোরূপ ছলচাতুরির আশ্রয় না নিয়ে শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

সিলেটের ভ্যাটবিরোধী আন্দোলনের অন্যতম এক সমন্বয়কারী বলেন, ভ্যাট প্রত্যাহারের পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো আমরা। আগামীতে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবি আদায় করে ছাড়বেন বলে জানান দেবপ্রিয়া।

উল্লেখ্য, চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির উপর সাড়ে সাত শতাংশ কর আরোপ করে সরকার।

কর আরোপের প্রতিবাদে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে আসছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।

চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাটের টাকা পরিশোধ করবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এবং অর্থমন্ত্রী সিলেটে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন।

তবে শুক্রবার ঢাকায় একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর আরোপিত ভ্যাট এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীদেরকেই ভ্যাটের টাকা প্রদান করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত