১২ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৩৩
ফাইল ফটো
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১ টা থেকে তারা প্রতিবাদী অবস্থান কর্মসূচী শুরু করে। শহীদ মিনারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা, এতে বন্ধ হয়ে পড়েছে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল।
শিক্ষাখাতে ভ্যাট আরোপের বিরুদ্ধে শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে চৌহাট্টা সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। নানা প্রতিবাদী শ্লোগানে মুখরিত শহীদ মিনার এলাকা। তীব্র রোদের মাঝেও বেড়ে চলছে সমাগম।
আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষাখাতে ভ্যাট প্রত্যাহারের পূর্ব পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজ থেকে ভ্যাট প্রত্যাহারের পূর্ব পর্যন্ত প্রতিদিন অবস্থান কর্মসূচী পালন করবেন তারা। আজকের অবস্থান কর্মসূচীতে সিলেটের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
আন্দোলনকারীরা অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা দেখে অর্থমন্ত্রী একেক দিন একেক কথা বলছেন। অর্থমন্ত্রী ও এনবিআর শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। কোনোরূপ ছলচাতুরির আশ্রয় না নিয়ে শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য, চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির উপর সাড়ে সাত শতাংশ কর আরোপ করে সরকার।
কর আরোপের প্রতিবাদে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে আসছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাটের টাকা পরিশোধ করবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এবং অর্থমন্ত্রী সিলেটে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন।
তবে শুক্রবার ঢাকায় একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর আরোপিত ভ্যাট এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীদেরকেই ভ্যাটের টাকা প্রদান করতে হবে।
আপনার মন্তব্য