১২ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৫৩
বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের পূর্ব পর্যন্ত রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে সিলেটের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (শনিবার) অবস্থান কর্মসূচী চলাকালে শিক্ষার্থীরা এ ঘােষণা দেন।
এতোদিন কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসলেও আজ তাদের সাথে যোগ দেয় বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।
আজ সকাল ১১ টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১ টায় চৌহাট্টা সড়ক অবরোধ করে সড়কেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে আন্দোলন স্থল। তীব্র রোদের মধ্যেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী চালিয়ে যায়।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর আরোপিত সব ধরনের মূল্য সংযোজন কর বাতিল এবং ‘ভর্তি ফি ও বেতন সরকারিভাবে নির্ধারণ করা’র দাবি জানায়।
সিলেটে ভ্যাটবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, দাবি আদায় হওয়ার পূর্ব পর্যন্ত আমরা লাগাতার অবস্থান কর্মসূচী চালিয়ে যাবো। রবিবার আবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচী শুরু হবে।
উল্লেখ্য, চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির উপর সাড়ে সাত শতাংশ কর আরোপ করে সরকার।
কর আরোপের প্রতিবাদে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে আসছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাটের টাকা পরিশোধ করবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এবং অর্থমন্ত্রী সিলেটে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন।
তবে শুক্রবার ঢাকায় একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর আরোপিত ভ্যাট এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীদেরকেই ভ্যাটের টাকা প্রদান করতে হবে।
আপনার মন্তব্য