নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ০০:৩২

আজ জট খুলতে পারে কিবরিয়া হত্যা মামলার, আদালতে হাজির হচ্ছেন আরিফ!

দীর্ঘদিন আটকে থাকার পর আজ জট খুলতে পারে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার। এক আরিফুল হকের অসুস্থতাজনিত অনুপস্থিতির কারনে এরআগে নয়বার পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন। অভিযোগ গঠনই সম্ভব না হওয়ায় চাঞ্চল্যকর এই মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে পুণরায় হবিগঞ্জ জজ আদালতে ফিরে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিলো।

তবে আজ (রবিবার) মামলাটির নির্ধারিত তারিখে সাময়িক বহিস্কৃত সিলেট সিটি মেয়র আরিফুল হককে আদালতে হাজির করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই মামলায় আদালতে হাজির করার জন্য ইতোমধ্যে ঢাকা হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আরিফকে নিয়ে আসা হয়েছে।

এরআগে গত ৬ সেপ্টেম্বর মামলার নির্ধারিত তারিখে আরিফুল হক অনুপস্থিত থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ১৩ সেপ্টেম্বর আদালতে আরিফের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের এই নির্দেশ প্রদানের পরপরই সিলেট কারাগারে নিয়ে আসা হয় আরিফকে।

ফলে আজ এই মামলার জট খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ অভিযোগ গঠনেরও সম্ভাবনা রয়েছে।

আজ রোববার সকাল ১০ টায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার চার্জ গঠনের শুনানি শুরু হবে।

এই মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বররাস্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের বহিস্কৃত পৌর মেয়র জিকে গৌছ, হুজি নেতা মুফতি হান্নান, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত