১৫ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৩০
মৌলভীবাজারের রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে মারপিট করেছে পারভেজ আহমদ (২৫) নামে এক বখাটে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। পারভেজ আহমদ রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দুগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাসে মেয়েটি বাড়ি ফিরছিলেন। বাসটি চলার একটু পরেই ওই যুবক বাসের সামনের সিটে বসা ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারা শুরু করে। বাসের লোকজন মেয়েটিকে কেন মারছে জানতে চাইলে তার ‘গার্ল ফ্রেন্ড’ বলে জানান।
পরে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ততক্ষণে বখাটে পারভেজ পালিয়ে যায়।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইনুর আক্তার পান্না বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মেয়েটি লিখিত অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য