২৭ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২২
মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত থেকে ঈদের আনন্দ উপভোগ শেষে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশা চাপায় ফাহিমা বেগম নামের ৮ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষীছড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুড়ি উপজেলার হাফিজ মিয়ার স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শিশুকন্যা ফাহিমাকে নিয়ে মাধবকুণ্ডে বেড়াতে যান। দুপুরের দিকে তারা সেখান থেকে সিএনজি অটোরিকশাযোগে জলপ্রপাত এলাকা ত্যাগ করেন। এসময় অটোরিক্সাটিতে অতিরিক্ত যাত্রী ছিল।
অটোরিকশাটি লক্ষীছড়া নামক স্থানে আসার পর ফাহিমা গাড়ি থেকে ছিটকে পড়ে। এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ফাহিমা।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বড়লেখা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন আবস্থায় বিকেলে হাসপাতালে ফাহিমার মৃত্যু হয়।
আপনার মন্তব্য