নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০১৫ ২০:০২

‘রাজাকারের’ নেতৃত্বে গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতির বাড়িতে হামলা

সিলেটের গোলাপগঞ্জে এক মুক্তিযোদ্ধা দম্পতির বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে। জমি দখলের লক্ষ্যে এ হামা চালানো হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, যার নেতৃত্বে মুক্তিযোদ্ধা দম্পতির বাড়িতে হামলা চালানো হয় তিনি একাত্তরে মুক্তিযোদ্ধের সক্রিয় বিরোধীতাকারী ও রাজাকারবাহিনীর সদস্য ছিলেন।

একাত্তরের মুক্তিযুদ্ধে স্বামী ফজিরউদ্দিন মনাইয়ের সাথে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন স্ত্রী ছায়ারুনও। শেষ বয়সে এসে 'রাজাকারের' হামলার শিকার হতে হলো তাকে।

জানা যায়, জায়গা দখলের লক্ষ্যে সোমবার সকালে 'রাজাকার' আব্দুল হক ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এসএ রিপনের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলার নালিউরি গ্রামের মুক্তিযোদ্ধা দম্পতি মরহুম ফজিরউদ্দিন মনাই ও ছায়ারুনের বাড়িতে হামলা চালানো হয়। এসময় বাড়ির পুকুর পাড়ের গাছপালা কেটে ব্যাপক ভাংচুর চালায় তারা। হামলাকারীরা বাড়ির সীমানা পিলার উপড়ে ফেলে দেয়।

হামলার পরপর ছায়ারুনের ছেলে পুলিশে খবর দিলে আব্দুল হক ও রিপন পুলিশ ডাকার কারণে আবার হামলা করার হুমকি দেয়।

এদিকে সন্ত্রাসীদের হামলার ভয়ে ছায়ারুনের সন্তানেরা চরম নিরাপত্তাহীনতার ভূগছেন।

জানা যায়, ছায়ারুনের স্বামী মুক্তিযোদ্ধা ফজিরউদ্দিন মনাই এর তিন একর ভূমি আব্দুল হক ও তার বাড়ির লোকজন দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিলো। বর্তমান জরিপে ছায়ারুনের সন্তানেরা ঐ জমি তাদের বলে জানতে পারে। তারা তাদের জমি ছেড়ে দিতে বললে আব্দুল হক ও তার স্বজনরা জমি ছাড়তে অস্বীকৃতি করে। পরে ছায়ারুণের পরিবারের পক্ষ থেকে জমি ফিরে পেতে জরিপের আপিল বিভাগে মামলা দায়ের করা হয়। এতে আব্দুল হক ও তার ভাতিজা রিপন ক্ষিপ্ত হয়ে উঠে।

সোমবার সকলে আব্দুল হক ও রিপনের নেতৃত্বে অর্ধ শতাধিক লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে ছায়ারুনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির পুকুর পাড়ের গাছপালা ও সবজি ক্ষেত ধ্বংস করে পুকুরে ফেলে দেয় এবং বড়ির সীমানা পিলার উপড়ে ফেলে।

ছায়ারুনের বড় ছেলে মুজিবুর রহমান বাছিত জানান, স্বাধীনতার পরপর মুক্তিযোদ্ধারা রাজাকার আব্দুল হককে আটক করে হত্যা করতে গেলে তার পিতা মুক্তিযোদ্ধা ফজিরউদ্দিন মনাই তাকে প্রাণে মারা থেকে রক্ষা করেন। যার জীবন রক্ষা করলেন সেই রাজাকার আবার তার বাড়ি দখলের চেষ্টা করছে।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, তাদের হামলার ভয়ে আমাদের পরিবারের সদস্যরা আতংকের মধ্যে রয়েছে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছায়ারুনদের বাড়ি একাত্তরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো। আজ সে বাড়িতে বিএনপি-জামায়াতের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। হামলাকারী আব্দুল হক রাজাকার ছিলো বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।

এ ব্যাপারে হামলার দায়ে অভিযুক্ত আব্দুল হক ও এসএ রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত