সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৮

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার কোরআনে হাফেজ কিশোর ভাইয়ের ওপর হামলার অভিযোগ

ভোলার দৌলতখান উপজেলায় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে কোরআনে হাফেজ ১০ম শ্রেণির এক কিশোর শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

আহত শিক্ষার্থী (১৬) দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবারের অভিযোগ, ১০ ডিসেম্বর (বুধবার) এসএসএসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দৌলতখান উপজেলার বিভিন্ন কমিটির অধীনে সক্রিয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীর (১৬) ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, শিক্ষার্থীর (১৬) বড়ভাই হামজা রহমান অন্তর ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট। আগস্ট-পরবর্তী সময়ে হামজার ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটে, এরপর তিনি দেশ ছাড়েন। এখন তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করা হচ্ছে।

আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, বড়ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবারের সদস্যরা হামলার শিকার হচ্ছে, এবং হুমকির মধ্যে রয়েছে।

আহত শিক্ষার্থীর বড় ভাই হামজা রহমান অন্তর জানান, "জামায়াত-বিএনপির রাজত্বে ছাত্রলীগ নেতার ছোটভাই হবার কারণে তার ওপর হামলা করা হলো। নিশ্চয়ই এসবের একদিন বিচার হবে। থানায় গিয়ে কোন বিচার পাওয়া যাবে না বলে আমাদের পরিবার থানায় যায়নি।

হামজা রহমান তার ছোটভাইয়ের ওপর হামলার জন্যে এলাকার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করছেন।

আপনার মন্তব্য

আলোচিত