০১ ফেব্রুয়ারি , ২০২৬ ১৮:৪৩
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কিছুটা বিধিনিষেধ আসতে যাচ্ছে। নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না । বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট তথ্যমতে, এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।
সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা রোধ করতে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মগুলোতে লেনদেনের সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। তবে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা।
এছাড়া, এ বিধিনিষেধ চলাকালীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একে অপরকে অর্থ স্থানান্তর সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একজন সাধারণ গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে, এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচনকালীন এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক। তিনি জানান, তাদের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) থেকে একটি চিঠি পেয়ে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরপরই এ বিষয়ে দ্রুত একটি সার্কুলার জারি করা হবে।
তবে বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটি স্বতন্ত্রভাবে কোনো নির্দেশনা জারি করে নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের সময় লেনদেন সংক্রান্ত বিষয়ে একাধিক সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছিল, সেই চিঠিটি গ্রহণ করে তা কেবল পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি।'
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত নির্বাচনের সময় টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের প্রভাবিত করার সুযোগ বন্ধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, চূড়ান্তভাবে কার্যকর করার আগে লেনদেনের এই প্রস্তাবিত সীমায় কিছুটা পরিবর্তন বা সমন্বয় আনা হতে পারে।
উল্লেখ্য, বর্তমানে বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দৈনিক একে অপরের কাছে ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এর গ্রাহকেরা প্রতি মাসে তিন লাখ টাকা লেনদেন করতে পারেন। এক দিনে সর্বোচ্চ ৫০টি লেনদেন ও পুরো মাসে ১০০টি লেনদেন করতে পারেন।
আপনার মন্তব্য