নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২০ ১৩:৪৭

মৌলভীবাজার-হবিগঞ্জে শনাক্ত ও মৃত্যুহীন দিন

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৮৬ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪ জনের মৃত্যু ঘটে। বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে করোনাভাইরসে শনাক্ত ও মৃত্যু দেখা যায়নি।

বুধবার (৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিলেট বিভাগে শনাক্ত ৭৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫৮ জন ও সুনামগঞ্জে ১৫ জন। হবিগঞ্জে ও মৌলভীবাজারে এই সময়ে শনাক্তের রিপোর্ট পাওয়া যায়নি। মারা যাওয়া রোগীদের তিনজন সিলেটের ও একজন সুনামগঞ্জের।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৬৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৫ জন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৭ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ৯২৭ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১১৮ জন, হবিগঞ্জে ৫৭৫ জন ও মৌলভীবাজারে ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৩৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৯৪ জন।

আপনার মন্তব্য

আলোচিত