০৮ অক্টোবর, ২০২০ ১৩:০৬
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৫৪ হাজার।
সিএসএসই হিসাব অনুযায়ী আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ১৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৬০৯ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৯৪৯ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৪৯ হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৯৩ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৬৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২২৮ জনের।
বিজ্ঞাপন
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৫৭ হাজার ১৩১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ৫৫৫ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ৯ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৭২৬ জনের।
এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত দেশে ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৪০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন।
আপনার মন্তব্য