বেনাপোল প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২০ ১৮:০৫

খুলনা বিভাগে করোনার হটস্পট হয়ে ওঠা যশোর জেলা লকডাউন

খুলনা বিভাগে করোনার হটস্পট হয়ে উঠা যশোর জেলাকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় রোববার (২৬ এপ্রিল) বিকেলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ ঘোষণা দেন এবং আগামীকাল সোমবার সকাল ৬টা থেকেই এই ঘোষণা কার্যকর হবে বলে নিশ্চিত করেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় যশোর জেলাকে করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। কিন্তু দিনকে দিন যশোর জেলায় করোনা রোগী বাড়ছে। গত ১২ এপ্রিল যশোরের মণিরামপুরে প্রথম করোনা শনাক্ত হলে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। আজ একদিনে ৯ জনসহ যশোরে বর্তমানে ২৯ জন করোনা শনাক্ত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করতে হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, লকডাউন চলাকালে যশোর জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল নিষিদ্ধ করা হলো। এ সময়ে কেউ ঢুকতে ও বের হতে পারবেন না। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে নিয়োজিত গাড়ি চলাচল এর আওতার বাইরে থাকবে।

প্রসঙ্গত, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যশোরে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পৌঁছেছে বিভাগের শীর্ষে। এ জেলায় ৩০ জন করোনা রোগীর মধ্যে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক রয়েছেন ১০ জন। ৪৬ দিন আগে অর্থাৎ গত ১০ মার্চ খুলনা বিভাগের প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়া চুয়াডাঙ্গার সেই ইতালিফেরত যুবক সুস্থ হয়েছেন।

এছাড়াও চুয়াডাঙ্গায় এ পর্যন্ত আক্রান্ত ৮ জনে সীমাবদ্ধ রয়েছে। তবে যশোরে প্রতিদিনই একাধিক করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি দ্রুত সংখ্যা বাড়তে থাকায় করনোর হটস্পটে পরিণত হয়েছে। শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৬ জন। নতুন করে ১৪ জন আক্রান্ত হওয়ায় এখন তা বেড়ে দাঁড়ালো ৩০ জনে। খুলনা বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত