১৭ ডিসেম্বর, ২০২৩ ১১:২০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আজই নির্ধারণ হয়ে যাবে কারা কোন আসনে কোন দল ও জোটের মনোনয়ন পাচ্ছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আসন হারানোর শঙ্কায় রয়েছেন সিলেট বিভাগে আওয়ামী লীগের অন্তত দুইজন প্রার্থী।
নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় সকল আলোচনা কেবল আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোন কোন আসনে সমঝোতা হচ্ছে। সমঝোতা হতে যাওয়া আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। জাতীয় পার্টর দাবি কেবল আওয়ামী লীগের প্রার্থীরাই নয়, প্রার্থিতা প্রত্যাহার করতে হবে স্বতন্ত্র প্রার্থীদেরও, যদিও এনিয়ে এখনো সমঝোতা হয়নি।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে আগে থেকেই আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় মোট ২৬টি আসন নিশ্চিত করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির দাবি, আরও অন্তত পাঁচ আসন। আসন বাড়লে সুনামগঞ্জের একটি আসন এক্ষেত্রে যোগ হতে পারে।
জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতায় সিলেট বিভাগের অন্তত দুইটি আসন রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এনিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সমঝোতা হতে যাওয়া আসনগুলোর মধ্যে রয়েছে সিলেট-৩, যেখানে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে।
বিভাগের অন্য আসনটি হচ্ছে হবিগঞ্জ-১, যেখানে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী।
সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও হবিগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী আবদুল মুনিম চৌধুরী।
সমঝোতা হওয়া জাতীয় পার্টির ২৬ আসনের প্রার্থীরা হলেন—ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জিএম কাদের, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-১ আসনে মুস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, সিলেট-৩ আসনে মো. আতিকুর রহমান, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল ও বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার।
এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, চট্টগ্রাম-৮ আসনে সুলেমান আলম শেঠ, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি, হবিগঞ্জ-১ আসনে মো. আব্দুল মুনিম চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল ও বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু।
আপনার মন্তব্য